৩০ উপজেলায় শুরু হামের বিশেষ টিকাদান কর্মসূচি
দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। রোববার সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় একযোগে এ কার্যক্রম চালু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই টিকার আওতায় আনা হবে। আগে টিকা নেওয়া থাকলেও চলমান এই ক্যাম্পেইনে আবারও টিকা গ্রহণ করা যাবে।
প্রথম ধাপে যেসব উপজেলায় কর্মসূচি চলছে, তার মধ্যে রয়েছে—বরগুনা পৌরসভা ও সদর, পাবনার পৌরসভা, সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া, চাঁদপুরের পৌরসভা, সদর ও হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা, সদর, শিবগঞ্জ ও ভোলাহাট, নেত্রকোনার আটপাড়া, ময়মনসিংহের সদর, ত্রিশাল ও তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ি, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যশোর পৌরসভা ও সদর, নাটোর পৌরসভা ও সদর, মুন্সীগঞ্জের পৌরসভা, সদর, লৌহজং ও শ্রীনগর, মাদারীপুর পৌরসভা ও সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি এবং শরীয়তপুরের জাজিরা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, সারা দেশে নয়, প্রথম পর্যায়ে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব এলাকায় হামের সংক্রমণ তুলনামূলক বেশি হওয়ায় দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে অসুস্থ শিশুদের টিকা দেওয়া হবে না। তবে হামে আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এই টিকাদান কর্মসূচি সম্প্রসারণ করা হবে।




































