শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
Friday , 17 April 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৩:১৬, ৬ এপ্রিল ২০২৬

এসএসসি খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

এসএসসি খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
ছবি সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে সম্পূর্ণ নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, শুধু পরীক্ষা আয়োজন নয়, খাতা মূল্যায়নেও নির্ধারিত নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোনো পরীক্ষক মূল্যায়নে অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, নকল প্রতিরোধের পাশাপাশি খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত নীতিমালা অনুসরণ না করলে তা শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের অবহেলা বা পক্ষপাতিত্ব সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন নিজ যোগ্যতায় উত্তীর্ণ হতে পারে, সে জন্য নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। পরীক্ষাকেন্দ্র পরিচালনায় কঠোরতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

সর্বশেষ

জনপ্রিয়