বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
Thursday , 16 July 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অর্থনীতি

প্রকাশিত: ১৮:৪৬, ৪ জুলাই ২০২৬

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী

বাংলাদেশ দ্রুত ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের ধারাবাহিক উদ্যোগ দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

শনিবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম সফরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই), ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং আন্তর্জাতিক ফান্ড ম্যানেজারদের আগ্রহ—সব মিলিয়ে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী হচ্ছে। এবারের বাজেট দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্য নিয়েই প্রণয়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরে আমির খসরু বলেন, সমুদ্রবন্দর, ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত গুরুত্বের কারণে চট্টগ্রামের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে বাজেটে একাধিক বড় প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি জানান, আনোয়ারায় ৬০০ একর জমিতে একটি ফ্রি জোন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রামে একাধিক নতুন বন্দর নির্মাণ, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো ও যাত্রী পরিবহনের আঞ্চলিক হাবে উন্নীত করা এবং একটি চাইনিজ ইকোনমিক জোন গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম অংশ উন্নয়নের মাধ্যমে ট্রেনে যাতায়াতের সময় প্রায় দুই ঘণ্টা কমিয়ে আনার পরিকল্পনার কথাও জানান তিনি। এসব প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামকে কেন্দ্র করে দেশের অর্থনৈতিক করিডর আরও শক্তিশালী হবে এবং বন্দরগুলোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

মাতারবাড়ীকেও ঘিরে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এসব প্রকল্প দীর্ঘমেয়াদি হলেও যত দ্রুত সম্ভব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবও যুক্ত হয়েছে। তাই প্রথমে অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে, এরপর উন্নয়ন ও সমৃদ্ধির গতি আরও বাড়বে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের তৃতীয় ও চতুর্থ বছর থেকে অর্থনীতিতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে এবং বাংলাদেশ ধীরে ধীরে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়