সোমবার , ১৫ জুন ২০২৬
Monday , 15 June 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জাতীয়

প্রকাশিত: ২১:২৯, ২ জুন ২০২৬

৪০ বছর পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বাংলাদেশ

৪০ বছর পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বাংলাদেশ

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে তিনি ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন।

এই পদে ড. খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। তিনি পেয়েছেন ৯১ ভোট।

নিউইয়র্ক সময় সকাল ১০টায় অনুষ্ঠিত ভোটগ্রহণের মাধ্যমে জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত হন বাংলাদেশের প্রার্থী। গত তিন মাস ধরে এ পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালিয়ে আসছিল।

নির্বাচিত হওয়ার ফলে আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।

এর মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি প্রতিনিধি দায়িত্ব পালনের সুযোগ পেলেন। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

ড. খলিলুর রহমানের এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

জনপ্রিয়