ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৪ মে প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা
হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তারা এই হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এছাড়া চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করা ব্যক্তিদের তথ্যই চূড়ান্ত তালিকায় স্থান পাবে।
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ এপ্রিল। এরপর ৩ মে পর্যন্ত ভুল সংশোধন ও স্থানান্তরের জন্য আবেদন করা যাবে। জমা পড়া আবেদনগুলো নিষ্পত্তি করা হবে ৬ মে।
ইসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, খসড়া তালিকায় কোনো ভুল বা তথ্য সংশোধনের প্রয়োজন হলে ভোটাররা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে পারবেন। নির্ধারিত প্রক্রিয়া শেষে মে মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত ভোটার তালিকা সবার জন্য উন্মুক্ত করা হবে।




































