দেশে আরও ৬ জনের মৃত্যু, হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭০৮
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৮ জনে।
শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে চারজন এবং ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬১৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, একই সময়ে সারা দেশে আরও ৭৪৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৮ হাজার ২৬৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪৫ জন। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৯৪ জনে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৯৫৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ২৮৭ জন।





































