কুয়ালালামপুর থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ায় দুই দিনের সফল সরকারি সফর শেষ করে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় তিনি এবং তার সফরসঙ্গীরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে যাত্রা করেন। দালিয়ান হয়ে শুরু হবে তার বহুল আলোচিত চীন সফরের আনুষ্ঠানিক কার্যক্রম।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সফরের প্রথম গন্তব্য চীনের দালিয়ান শহর। সেখানে দুই দিন অবস্থান করে তিনি বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। দালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বেইজিংয়ে যাবেন, যেখানে অনুষ্ঠিত হবে তার সরকারি সফরের মূল বৈঠক ও কূটনৈতিক কার্যক্রম।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায় কমপ্লেক্সে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের চার মাস পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মালয়েশিয়ায় ২৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সফর করলেও চীন সফরে প্রতিনিধি দলে আরও একজন নতুন সদস্য যুক্ত হওয়ার তথ্য জানা গেছে।
এই সফরে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।





































