চীনের গ্রেট হলে রাষ্ট্রীয় সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের রাজধানী বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরে গিয়ে বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।
গ্রেট হলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। উষ্ণ শুভেচ্ছা বিনিময়ের পর তিনি তারেক রহমানকে বিশেষভাবে প্রস্তুতকৃত অভ্যর্থনা মঞ্চে নিয়ে যান।
এ সময় চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের জাতীয় সঙ্গীত বাজানো হয়, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
পরে উভয় দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে একে অপরের পরিচয় করিয়ে দেন। স্বাগত পর্ব শেষে গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।





































