ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু,২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি২৮
ময়মনসিংহে হামের উপসর্গে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এদিকে, নতুন ভর্তি হওয়া ২৮ শিশুর মধ্যে ১৯ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৭৬ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ৭ শিশুর মৃত্যু হয়েছে।
জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সল আহমেদ জানান, জনসংখ্যার তুলনায় আক্রান্তের সংখ্যা খুব বেশি নয়। তবে আক্রান্ত শিশুদের প্রায় ৮০ শতাংশের বয়স ৯ মাসের নিচে, যা উদ্বেগের বিষয়।




































