মানবিক ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার ৭
রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদাবাজি ও চিকিৎসককে হেনস্তা করার মামলায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৩ এপ্রিল) সকালে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
রোববার দিবাগত রাতে নড়াইল ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, এই মামলার মূলহোতা মঈন উদ্দিনকে নড়াইল জেলার কালিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের মহাপরিচালক বলেন, অভিযুক্ত মঈন ৫ লাখ টাকা দাবি করেন। চাঁদা না দেয়ায় হুমকি দেন তিনি, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। মামলার পর মঈনসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এদিন সকালে এক খুদে বার্তায় র্যাব জানায়, সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঈন ছাড়া গ্রেপ্তার বাকি আসামিরা হলেন- সুমন, লিটন, মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. স্বপন কাজী এবং মো. শাওন হোসেন।
এর আগে সম্প্রতি মানবিক চিকিৎসক খ্যাত ডা. কামরুল ইসলামের ওই হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ ওঠে মঈন উদ্দিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পরপরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির হন মঈন উদ্দিন নামের ওই ব্যক্তি। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিতে দেখা যায় তাকে।





































