ইসরায়েলে ইরানের ক্লাস্টার মিসাইল হামলা
ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্লাস্টার মিসাইল হামলা চালিয়েছে ইরান। দেশটির মধ্যাঞ্চলে এসব মিসাইল সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।
উদ্ধারকারীদের ভাষ্য অনুযায়ী, রোস হাইন, রামাত হাসহারনসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্লাস্টার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের তীব্রতায় একটি গাড়ি উল্টে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রটি ছিল ব্যালিস্টিক মিসাইল। হামলার সময় মধ্য ইসরায়েলের পাশাপাশি ইলাত শহরেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। যদিও ইলাতমুখী মিসাইলটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে।
সূত্র : টাইমস অব ইসরায়েল





































